তোর বুকেতে আগুন আছে বলে
মাতাল আমি উথালপাথাল হই ..
তোর সুবাসে মহুল ফুলের নেশা
শিশির ভেজা বকুল, পারুল, জুই ...
তোর সুরেতে মেঘমল্লার রাগ
হঠাত পাওয়া হারানো ছেলেবেলা
তোর আদরে অবুঝ পাগল মন
বৃষ্টি মেঘের লুকোচুরি খেলা |
তোর কাছেতে আমার সারা আকাশ
আমার বাতাস, মাটিও দিলাম তুলে ..
তবুও কেন হোসনা খুশি তুই ?
তবুও কেন থাকিস আমায় ভুলে ?
বল দেখি তুই মেঘ দেখেছিস কোনো ?
মেঘের কোলে মস্ত সে এক বাড়ি ?
সেই যেখানে যক্ষ আমার থাকে ,
শ্বেতবলাকায় মেঘদূত দেয় পাড়ি.
বল দেখি তুই কার কাছে যাই আমি ?
কার কাছেতে করব যত নালিশ ?
আমার কাছে আছিস কেবল তুই ...
তুই - ই নাহয় আমার কথা শুনিস |
আজকে আমি বহুদিনের পরে
সঙ্গোপনে তোকেই শুধু বলি ,
ক্যানভাসে তোর ময়নাপাড়ার মাঠে
দাড়িয়ে আছি বৃষ্টিভেজা , তোরই কৃষ্ণকলি ||