Friday, September 27, 2013

|| বোধন ||

এখনো তোমার উঠোনে একফালি সোনালী রোদ্দুর ,
একটুকরো শিউলি মেঘে ভর করে হয় ভোরের সূর্যোদয়;
সবুজ গঙ্গা ফড়িং এখনো লুকোচুরি খেলে ঘাসে ,
এখনো কাশফুল আর দিগন্তের অবিরাম কানাকানি ;
শুধুই বুড়ির চুলের মত ভেসে চলা গন্তব্যবিহীন ,
মাছরাঙ্গার মত তিরতিরে নদীর জল ছুঁয়ে ফের উড়ে চলা
রুপোলি আলোর পথ বেয়ে ; মাগো তুই কেন অমন আনমনা,
তোর আগমনী তে মাতল ভুবন, তবু কেন তোর চোখে ভোরের শিশির ,
তোর আঁচল শুঁকে দেখ, এখনো ঠিক আমার ঘামের গন্ধ পাবি তুই ,
এখনো তোর নাড়ুর থালা থেকে একটা দুটো কোথায় হাপিস,
ফুল , চন্দন, ধুপ, ধুনো, ঢাকের তালেই কি শুধু তোর বোধন হয়?
সত্যি করে বল দেখি মা , ভোরের আলো হয়ে প্রতিদিন
ঘরে ঢুকে কে নৈবেদ্য সাজিয়ে নিত্য বোধন করে তোর?

Friday, September 6, 2013

।। না মানুষীর কথা ।।

এখনও কল্লোলিনী জাগে
                               শরীরের ভিতর ঊর্মিমালা হয়ে --
বসন্তের পেলবতা থেকে হেমন্তের শিশির বুকে
                                                   আদুরে তিতির ;
বলো কি বলবে তাকে ?
                                                   দেহ পসারিনী ?
মানবিক শিল্প সৌকর্য -- অজন্তা, ইলোরা,
                                                    খাজুরাহো সব |
শকুনের জান্তব উল্লাস , পিরান্হার... হিংস্রতা...
                                                    ছল খোঁজে শুধু,
নিত্যকার খুঁটে খাওয়া জীবনে -
                                                  রান্নায় নুন হয়নি ,
গৃহকোণের প্রতি সহজাত অবহেলা ;
বীজ থেকে চারাগাছের নিকৃষ্টতা যার সাথে তুলনীয় ,
এসবে কোথাও কি কোনও শিকার লুকিয়ে নেই?
                                   চিলের ছোঁ মারার প্রতীক্ষা শুধু --
এক প্রজন্মের বীজ এর উন্মীলন বয়ে চলে প্রজন্মান্তরে ,
নগ্ন ঊরু নিছক অজুহাত,
                        জান্তবতা ছড়িয়ে আছে শিকড়ের গভীরে ।।

Thursday, July 11, 2013

সাঁঝবেলা

তবুও তো সন্ধ্যা আসে বিষণ্ণ ঝিলের মত
কখনও নরম আলোয় পরীরা পাখা মেলে ...
বহুদূরে সাঁঝতারা নিভে গেলে,
জোনাকিমালার ঢেউ আশমানী ঝালরের নিচে;
শিশিরের মোম টুপটাপ..
... এখানে বাতাস মাতোয়ারা--
বেলফুল যূঁই ফুলে চুপ্চাপ দিয়েছে সে ডুব |
এ এক অন্য উদযাপন সন্ধ্যা অথবা সন্ধিক্ষণের;
এখানে মিলন বারোমাস , শালফুল মহুয়ারা জানে |
বিকেলের মনখারাপেরা একে একে নিল সব ছুটি,
এবার দখিনা বাতাস নামে চাঁদের আলোয় গুটি গুটি |
যে কথা প্রতিশ্রুতি ছিল কখন নিমেষে গেছে ভেসে...
এখন আলো আঁধারেরা মাদলের তালে ওঠে নেচে,
দূরে ঐ বনে লাগে আগুন ফাগুনের হাওয়ায় মাতবে বলে
আজ সব কথা কাটাকাটি থাক পলাশের রং গায়ে মেখে ।