Tuesday, August 28, 2012

|| ছন্দপতন ||


কখন যে ঝরেছে বকুল, মনের অগোচরে
শিউলি বোঝেনি তা , হলুদ বসন্তের
নিত্য আনাগোনা খিড়কির পথ ধরে ;
দুপুরের কার্নিসে বিকেল তবু আলোর বার্তা দেয় |
প্রেশার এর ট্যাবলেট খাও তো নিয়মিত?
ঘুম কে আসতে দিও ঘুমের মত করে
ওর উপরে ওষুধের অহেতুক জোর খাটিও না আর ;
আমি দিব্য আছি সাধের গিটার আর জিমির সাথে;
শুধু ট্রেন এর সহযাত্রী কে মাঝে মাঝে
বেভুল মনে বলি ফেলে আসা শহরের কথা
তখন  কৃষ্ণকলি মেঘ দেখে ছুট্টে পেরোয়
মাঠ, ঘাট, নদী - চরাচর ;
বৃষ্টি তো আসবেই অতিষ্ঠ তৃষ্ণার পর;
 চাইলেই কি গিটারে বাজানো যায়
সেতারের মেঘমল্লার ?  

Wednesday, August 22, 2012

|| জবানবন্দী ||


মানবীর কথা
তোমার খাতার লাল কার্পেটে সাধারণ মেয়ে হেঁটে যায়,
শরৎবাবুর যাদুকাঠি সম্বল করে  |
এখানে কন্টকাকীর্ণ পথে হেঁটে , কোনো যাদুকাঠি নয়,
আমাকে আপন ভাগ্য জয় করে নিতে হয়
তোমার মন্ত্রদীক্ষায় |
দেবী নয়, দাসী নয় -- হতে চাই অর্ধনারীশ্বর |
সেই হোক সমস্ত যুগের তপস্যার ফল --
আমাদের উত্তরসুরী চিত্রাঙ্গদা আর অর্জুনদের জন্য |
ধুলোর কথা
আমার বুকে জন্ম বলে তোরা ভাবিস,
জাতকের মনেও আছি আমি --
ওই যে দাড়িওলা লোকটার ছবিতে নিয়ম করে
২৫শে বৈশাখ আর ২২ শে শ্রাবণ এ যে মালা দিস তোরা ,
সে কি একবার বলেনি তোদের, যে ফুলের মালা গাঁথিস তোরা,
তারও জন্ম আমার বুকেই? শ্রাবনের মেঘ যদি চন্ডাল হয় ,
তার বুক থেকে ঝরে পরা বৃষ্টিও কি তোদের কাছে এমনই অস্পৃশ্য ?
যতটা আমি তোদের কাছে ?