তবুও তো সন্ধ্যা আসে বিষণ্ণ ঝিলের মত
কখনও নরম আলোয় পরীরা পাখা মেলে ...
বহুদূরে সাঁঝতারা নিভে গেলে,
জোনাকিমালার ঢেউ আশমানী ঝালরের নিচে;
শিশিরের মোম টুপটাপ..
... এখানে বাতাস মাতোয়ারা--
বেলফুল যূঁই ফুলে চুপ্চাপ দিয়েছে সে ডুব |
এ এক অন্য উদযাপন সন্ধ্যা অথবা সন্ধিক্ষণের;
এখানে মিলন বারোমাস , শালফুল মহুয়ারা জানে |
বিকেলের মনখারাপেরা একে একে নিল সব ছুটি,
এবার দখিনা বাতাস নামে চাঁদের আলোয় গুটি গুটি |
যে কথা প্রতিশ্রুতি ছিল কখন নিমেষে গেছে ভেসে...
এখন আলো আঁধারেরা মাদলের তালে ওঠে নেচে,
দূরে ঐ বনে লাগে আগুন ফাগুনের হাওয়ায় মাতবে বলে
আজ সব কথা কাটাকাটি থাক পলাশের রং গায়ে মেখে ।