Friday, June 13, 2014

।। ব্র্যান্ড ভ্যালু ।।




তবুও এই উদ্দাম বেঁচে থাকা

চৈতী হাওয়ার রকমফেরে --

আদতে  বৈভব তো অর্থহীন দিন যাপন ,

বটগাছ কে বনসাই করে তোলার মত ;

উতল হওয়া কি  পোষ মেনেছে কোথাও কোনদিন ?

বোরখার অব্রুকেও উড়িয়ে নিয়ে যায় এক নিমেষে

আসলে তো অতলের নাম জীবন

আর উদাসীন মনন ফেনা কাটা বুদবুদের মত ;

অন্ধকার তাই নিঃসাড়ে শিকারী চিতার মত

থাবা বসায় সত্তার পরতে পরতে ,

তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার অন্কটাই চলে আজীবন ।

ক্লান্তি  আসে কি  কখনও কখনও ?

যদি  বা ক্ষণিকের আসার বার্তা দেয় ,

তাকে ক্ষমা করার কেউ নেই কোনখানে। ..

ঈশ্বর তো মৃত !

তাই  আর চৈত্র সেল ও  নেই !!

এখানে  জীবন মানে ব্র্যান্ডেড  হরতাল ।।    

Wednesday, February 26, 2014

।। চেকার বোর্ড ।।

যেতে তো হবেই কখনো সজনে , শিশির বা কুয়াশার মত
তবু নিত্যদিন জন্মানো ক্ষনিকের বাঁচার তরে , পল পল অনুপল এ
মুক্তোমালা গাঁথা , রৌদ্রের পাখায় ভর দিয়ে ঝাঁক বাঁধা তিতির যেমন
খুঁটে খাওয়া জীবন থেকে শুষে নেয় অমৃতনির্যাস; সমুদ্র মন্থনে শুধুই অমৃত
আসে না কখনো , যেমন আসেনা দিন -- রাত্রি কে ছাড়া , হৃদয় ও কি
ভালবাসা দেয় রক্তক্ষরণ বিনা ? তবু কত অভিযোগ বিরূপের প্রতি,
বিদ্বেষের প্রতি, এলায়িত ভবিষ্যৎ দীর্ঘতর হয় , বিগত ইতিহাস মূঢ় ম্লান
ধ্বংসের অপেক্ষায় ; জীবন অবিনাশী ভ্রমে বর্তমান ক্রমশঃ পিচ্ছিল,
এবার গরল ছেনে মুহুর্তেরা এসো , তোমার জন্যে শঙ্খধ্বনি ,
তোমার জন্যে অনন্ত আবাহন ; শিশির কবেই বা হয়েছে দীর্ঘস্থায়ী। ...
তবু তার হীরে নয় কি উজ্জ্বলতর কাঁচকাটা হীরের চেয়ে ?