Thursday, September 13, 2012

অন্য সুরে

আজকে হঠাত রৌদ্রের হরতাল
আজকেই তাই বৃষ্টির মেঘ্বেলা |
আজকের হাসি কান্নায় দেয় ডুব ,
মেঘে মেঘে আজ রামধনু করে খেলা -
আজকে সবুজ মন করে আনচান ,
আজকে মেঘে বৃষ্টির লুকোচুরি |
আজকে বাউল একতারাটা আন ,
আজকেই তবে ভোঁকাট্টা হোক ঘুড়ি |
আজকে আদর অভিমান দিক মুছে ,
চোখ থেকে চোখে অনাবিল নীরবতা ;
আজকে আকাশ কুয়াশার সাথে সাথে ,
মেঘ্মুলুকের স্বপ্ন মেদুরতা |
শিশিরের রঙে ছবি আঁকা হোক আজ ,
ছোট্ট নদীর ঝিলমিল প্যাস্টেল ,
সুরে সুরে আজ সৃষ্টিটা হোক শুরু ,
মেঘমল্লার বৃষ্টির ককটেল !

Monday, September 10, 2012

গান - নামচা

এক মিনি আর এক হুলোতে করছে রে প্লে ব্যাক,
ম্যাও ম্যাও ম্যাও মিঁয়াও মিঁয়াও বিল্লি মোরা দ্যাখ |
হুক্কা হুয়া শেয়াল ডাকে, ভুলো পেটায় ঢোল |
আরেক হুলো গিটার বাজায়, মস্ত সে শোরগোল |
তাইনা দেখে ব্যাং বাবাজি হলেন  ভীষণ খাপ্পা,
ঘুমের বারো বাজলো বলে তিনি ধরেন টপ্পা;
'চোপরাও সব ! বেসুর বেতাল ' বলেন মশক গিন্নি
গান টা তো আর  মশকরা নয় , হয়নাকো তা এমনি
 যেই না বলা  মশক দলে গাইল কাওয়ালী
পিন পিন পিন  হুল ফুটিয়ে চাইল মিতালি

টিঙ্কুরানী বেজায় চটে যেই মেরেছে থাপ্পর
বিল্লি, মশা কোথায় গেল? এ তো দেখি কাকভোর ,
নতুন সুরে গাইছে পাখি,  নতুন তারানা -
গানের আমি, গানের তুমি গান দিয়ে যায় চেনা |