Wednesday, October 12, 2011

ইচ্ছেডানা

ঢেঁকিতে পাড় তোলে এখনো ধানের ঘ্রাণ,
কাশফুলে ঢেউ দিয়ে ছুটে যায় উজানী কৈশোর;
তবুও তো বেগনী রঙের শাড়ির হিল্লোল
ছুটির দিনে কেমন সুরের বাঁশির তানে তানে - -
প্রমত্ত দোলা দেয় মনের কোণে, কেবলি অকারণ!
শুনেছ ধারাপাত? না না , একে চন্দ্রর টা নয় ,
                         বৃষ্টির ধারাপাত ;
দুই এর সাথে দুই মিলিয়ে চার না হয়ে হিসেব বেভুল,
আট টা , ছটা , দশটা হয়ে ছড়িয়ে পড়ে
ধানের শিষে , ঢাকের তালে, কাশের দোলে
যখন যেমন ইচ্ছেমত |
পাঠশালাতে মন বসেনা সিংহী মামা আসবে কবে
দূর্গামা কে পিঠেয় করে?
এখনো হিমেল হাওয়া চাঁদনী আলোয় খোঁপা বাঁধে,
আদুর গায়ে খেজুর রসে মাদলের তালে ঝিমঝিম...
ইচ্ছেদীঘির ডুব সাঁতারে মাতাল, পাগল,অবুঝ এ মন
বৃষ্টি, শুধুই বৃষ্টি পড়ে তোমার আমার আকাশ জুড়ে ,
তর্ককথা ঢের তো হলো ,
এবার পালা সাঙ্গ করো, রাত এখনো অনেক বাকি |
আঁখির 'পরে, অতল ঠোঁটে প্রেম জমা থাক,
আধেক সুখে, আধেক দুখে
জীবন নাহয় হোক বিবাগী ||  

No comments:

Post a Comment